রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বিশেষ করে মেয়েদের ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। কেন্দ্রের বাইরে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন শিক্ষার্থীরা, পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার অপেক্ষায়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলে এমন চিত্র দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন, সিরাজী ভবন ও ডিনস কমপ্লেক্স— এ তিন কেন্দ্রে মেয়েদের ছয়টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সকালে থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন, এটি তাদের জীবনের প্রথম ভোট হওয়ায় আগ্রহ বেশি কাজ করছে।

এক শিক্ষার্থী বলেন, ‘এটা আমার জীবনের প্রথম ভোট। খুবই ভালো লাগছে। ভেতরের পরিবেশ ভালো। দায়িত্বপ্রাপ্তরা সুষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন। কিভাবে ভোট দিতে হবে, সেটাও আমাদের জানানো হয়েছে। প্রাইভেসিও রক্ষা করা হয়েছে।’

আরেক শিক্ষার্থী জানান, ভেতরের পরিবেশ শান্তিপূর্ণ, আর উপস্থিতিও অনেক বেশি।

আরেক শিক্ষার্থী বলেন, ‘গত তিন–চার দিন ধরে ক্যাম্পাসে নির্বাচনের যে আমেজ ছিল, সেটি আজও আছে। সবাই ভোটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে আছি, অনেক উচ্ছ্বসিত। জীবনের প্রথম ভোট দিতে পারছি। এটাই সবচেয়ে আনন্দের।’

সিরাজী ভবন কেন্দ্রে দায়িত্বে থাকা একজন প্রিজাইডিং অফিসার বলেন, সবকিছু সুষ্ঠুভাবে চলছে। কোনো সমস্যা নেই। সবাই নিয়ম মেনে লাইন ধরে ভোট দিচ্ছেন। শেষ পর্যন্ত এ ধারা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।