নড়াইল পৌরসভার সাবেক মেয়র ব্যবসায়ী খান মো. কবির হোসেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত এই ব্যবসায়ীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়াইল শহরতলীর মুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের স্বজনরা জানান, ব্যবসায়িক কাজে খান কবির রবিবার রাত ৭টার দিকে মুলিয়া বাজারে অবস্থান করছিলেন, এসময় দক্ষিণ নড়াইল এলাকার ৭-৮ জন লোক ‘কথা আছে’ বলে তাকে ডেকে তার মাছের ঘেরে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। খান কবির চাঁদা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা পিস্তলের বাট দিয়ে তার মাথা, মুখমন্ডলে উপর্যুপরি আঘাত করেন। এতে খান কবিরের দাঁত ভেঙে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। মারপিটের এক পর্যায়ে চাঁদা আদায়ের জন্য সেখান থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার সময় শহরের হ্যালিপ্যাড এলাকায় পৌঁছালে তিনি লাফিয়ে পড়ে দৌঁড়ে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তার স্বজনরা।
হামলার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।










