বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় সারা দেশে ভোট কেন্দ্রগুলোয় সাড়ে ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। এ লক্ষ্যে নতুন করে ১ লাখ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে।’

গতকাল দুপুরে গাজীপুরে আনসার একাডেমিতে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহিনীর মহাপরিচালক বলেন, ‘প্রতিটা প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্য থাকবেন। কেন্দ্রে শৃঙ্খলা, ভোটারদের শৃঙ্খলা, যেকোনো ধরনের অনিয়ম ও উচ্ছৃঙ্খল আচরণ যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য তাদের মৌলিক প্রশিক্ষণ শুরু করা হয়েছে। গত এক বছরে আমরা দেড় লাখ আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়েছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।