অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার ইসলামিয়া কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান মামলাটি করেন। গত রোববার আদালত মামলাটি গ্রহণ করেছেন। মামলায় আসামিরা হলেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আশরাফ উদ্দিন শেখ ওরফে রনি (৪২) ও সাবেক অধ্যক্ষ নওয়াব আলী (৬২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রধান আসামি আশরাফ উদ্দিন শেখ ওরফে রনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে ২০১১ সালে থেকে কর্মরত। চাকরির তথ্য গোপন করে তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের নিরাপত্তা বিভাগে হিসাব সহকারী পদে যোগ দেন ২০১৬ সালের ১ ডিসেম্বর। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তিনি চাকরি করেছেন। এ সময়ে বেতন ভাতা বাবদ ২৩ লাখ ৭ হাজার ৩২ টাকা সরকারি অর্থ উত্তোলন করেন তিনি। একই সময়ে তিনি কলেজ থেকেও যথারীতি বেতন উত্তোলন করেছেন। এ সময়ে তিনি কলেজে উপস্থিত ছিলেন বলে নথিপত্রে দেখানো হয়েছে। দীর্ঘদিনের স্বাক্ষর একদিনে দেয়ার সুযোগ দিয়ে আশরাফ উদ্দিন শেখকে এ কাজে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে কলেজের সাবেক অধ্যক্ষ নওয়াব আলীর বিরুদ্ধে।