স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২০-২১ অর্থবছরে জয়পুরহাট জেলায় ৩৩ কোটি ৭১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

এলজিইডি সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৩ কোটি ৩ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ২৯ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ, ১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭৫ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ কাজ, ৬৫ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে প্রায় ১৬৮ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ, ৪১ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে ১০টি মসজিদ সংস্কার ও উন্নয়ন, ১ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পাঁচটি গ্রামীণ বাজার উন্নয়ন, ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ২৫৪ মিটার ব্রিজ নির্মাণ ও পুনর্নির্মাণ এবং ২৩ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ক্ষুদ্র পানিসম্পদের আওতায় সমবায় সমিতির অফিস ঘর নির্মাণের উন্নয়নকাজ সম্পন্ন করা হয়।

এলজিইডি জয়পুরহাটের সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মতিন বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ স্লোগান সামনে রেখে এলজিইডি নিজস্ব অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে সড়কের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হয়েছে। জয়পুরহাট জেলায় এ পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার সড়ক মেরামত করা হয়েছে। কাজের গুণগতমান নিশ্চিত করতে এবং সড়ক রক্ষণাবেক্ষণে জেলার সড়কের টপ সোল্ডার মেরামতের কাজে নিয়োজিত ৪১৩ জন শ্রমিক রয়েছেন।

এলজিইডি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীন হোসেন জানান, করোনা পরিস্থিতির মধ্যেও স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের এসব উন্নয়নমূলক কার্যক্রম সার্বক্ষণিক তদারকি ও ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে কাজ করা হয় এবং কাজের গুণগতমান নিশ্চিত করে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিল প্রদান করা হয়।