টাঙ্গাইলের কালিহাতীর মীরহামজানি এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চারজন নিহত হয়েছেন।

আজ বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়ার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। তাদের মধ্যে শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে জাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন নিহতরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান।

তিনি জানান, ভোরে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজন নিহত হন। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে।