ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সুষ্ঠু হয়েছে। তবে এরপর থেকেই বিভিন্ন জায়গায় নানা অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। তার অভিযোগ, বিভিন্ন জায়গায় প্রার্থী, ভোটারদের লাঞ্ছনার ঘটনা ঘটেছে। অভিযোগের বিষয়ে প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

মনিরা শারমিন বলেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠ হচ্ছে, এটা আমরা বলতে পারছি না। কারণ বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভোট রিগিংয়ের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্র দখলের যে প্রবণতা দেখতে পাচ্ছি, তাতে বলা যায় না ভোট একেবারে সুষ্ঠু হচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত আশাবাদী, যে অভিযোগগুলো আমরা সামনে আনলাম সেগুলো পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্বশীলরা এড্রেস করবেন। বাকি যে সময়টা আছে, সে সময় সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া চলবে এ নিয়েও আশাবাদী।

তিনি আরো বলেন, কেন্দ্র দখল কিংবা ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো ধরনের ফল প্রকাশের চেষ্টা করা হলে তা রুখে দেয়া হবে। প্রয়োজনে আমরা ফল বর্জনও করতে পারি। তবে সেজন্য ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করব।

মনিরা শারমিন অভিযোগ করে বলেন, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে শাপলা কলিতে ভোট দিতে চাইলেও বিএনপির লোকজন জোর করে ধানের শীষে সিল মারে। টাঙ্গাইল-৮ আসনে বোয়ালি বিএল চাষি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিসাইডিং অফিসার বয়স্ক ভোটারদের হাতে ব্যালট দেয়ার আগে ধানের শীষে সিল মারার অভিযোগ এসেছে। ঢাকা-১৮ আসনের মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনে ভোটার গিয়ে শোনেন তার ভোট আগেই দেয়া হয়েছে। সিরাজগঞ্জ-১ আসনে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভোট আগেই দেয়ার ফেসবুক লাইভ তাদের নজরে এসেছে। ঢাকা-১৭ আসনে জামায়াত এজেন্টের অনুপস্থিতিতে প্রিন্সিপালের রুমে ব্যালট বইয়ে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-২০ আসনে বাউখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাপলা কলির বুথ জোর করে তুলে দেয়া হয়েছে।

এ সময় মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে ধরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি বলেন, শেরপুর-১ আসনে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেটি ইউএনও স্বীকার করেছেন। পরে শতাধিক ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার হলেও এখনো একটি বই উদ্ধার হয়নি। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেয়া হয়েছে। এছাড়া প্রার্থীকে অবরুদ্ধ করে রাখে বিএনপির প্রার্থীর সমর্থকরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি মুক্ত হন। পাবনা-১ আসনের করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত প্রার্থী নাজিবুর রহমানের এজেন্টকে প্রবেশে বাধা দেয়ার অভিযোগও এসেছে।

তিনি অভিযোগ করে বলেন, ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান নেয়। বিধি অনুযায়ী নির্বাচন কমিশন/সংশ্লিষ্ট কর্মকর্তা প্রদত্ত আইডি কার্ড, নিয়োগপত্র ও জাতীয় পরিচয়পত্র থাকার কথা। এক কক্ষে একজন প্রার্থীর পক্ষে একজন এজেন্ট থাকার বিধান থাকলেও কুমিল্লার একটি কেন্দ্রে ধানের শীষের একাধিক পোলিং এজেন্ট একসঙ্গে উপস্থিত ছিলেন।

তিনি আরো অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এনসিপি প্রার্থী মো. আতাউল্লাহর চিফ এজেন্ট জুনাইদকে বিএনপির ৭০-৮০ জন নেতাকর্মী জোর করে বের করে দেয়। ঢাকা-১৮ আসনের নিকুঞ্জের জান-ই-আলম স্কুল কেন্দ্রে মহিলা ভোটারকে স্থানীয় বিএনপি নেতা লাঞ্ছিত করেন বলেও অভিযোগ এসেছে। গাজীপুরে দুই নারী ভোটার বিএনপির কর্মীদের লাঞ্ছনায় আহত হয়ে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। মেহেরপুর-২ আসনে নারী ভোটারদের ভোটদান থেকে বিরত রাখা ও বাধা দেয়া হয়েছে বলে দাবি করেন মনিরা শারমিন।

এনসিপির অভিযোগ, মেহেরপুর-২ আসনের সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেয় হয়। প্রতিহত করতে গেলে জামায়াত সমর্থকদের ওপর হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে।

এনসিপি আরো অভিযোগ করে, রংপুর-৪ এনসিপি প্রার্থী আখতার হোসেনের পক্ষের ভোটার স্লিপ বিতরণে বাধা দিচ্ছে বিএনপি। মেহেরপুর-১ আসনে ভোট দিয়ে ফেরার পথে বিএনপির হামলায় দুই জামায়াত সমর্থক আহত হয়েছে। যশোর-৩ আসনে কেন্দ্রের বাইরে হামলায় দুইজন আহত হয়েছে।

তিনি বলেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জাদনী ও তার ভাইকে রড দিয়ে মারধর; ফোন ছিনিয়ে নেয়া ও ভিডিও ধারণকারীর ফোন ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলে এনসিপির অভিযোগ। একই আসনে এক সাংবাদিককে কুপিয়ে আহত করা হয়েছে। নাটোর-২ আসনেও সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে।