ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ি ঘাটে গড়াই নদে সেতু না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে আশপাশ এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। এ এলাকার বাসিন্দাদের আশপাশের কোথাও যেতে হলে ৩-৪ ঘণ্টা ব্যয় করে ভিন্ন রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। এতে অতিরিক্ত টাকা খরচ এবং সময় নিয়ে যাত্রা করতে হয়। এ নদের ওপর সেতু নির্মাণ করা হলে ঝিনাইদহ, রাজবাড়ী, কুষ্টিয়া ও মাগুরা জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করে নদের তীরবর্তী এলাকার মানুষ। এজন্য গড়াই নদে সেতু নির্মাণের দাবি জানিয়েছে তারা।

শৈলকুপা উপজেলার খুলুমবাড়ি প্রান্তের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, খুলুমবাড়ি বাজারটি ব্রিটিশ আমল থেকে একটি প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র হওয়ায় ঝিনাইদহ, রাজবাড়ী, কুষ্টিয়া ও মাগুরা জেলার মানুষের কাছে গুরুত্বপূর্ণ। মাসে কয়েক কোটি টাকার কৃষিপণ্য কেনাবেচা হয় এ বাজারে। গড়াই নদের পাড়ের এ বাজারটি ঘিরে গড়ে উঠেছে স্কুল, কলেজ ও ব্যাংক, বীমাপ্রতিষ্ঠান।

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, ‘গড়াই নদের ঘাটে সেতু না থাকায় তাদের এলাকার লোকজনকে আশপাশের কোথাও যেতে হলে ৩-৪ ঘণ্টা সময় অপচয় হয়। অতিরিক্ত টাকাও খরচ হয়, যা তাদের এলাকাসহ আশপাশ এলাকার অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে।’

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা বছর দুয়েক আগে ডিও লেটার দিয়েছেন। তবে বিষয়টি এখনো সুরাহা না হওয়ার কারণ তারা জানেন না। প্রস্তাবিত সেতুটি নির্মাণ হলে তা ঝিনাইদহ, রাজবাড়ী, কুষ্টিয়া ও মাগুরা জেলার মানুষের জন্য আশীর্বাদ বয়ে আনবে।