মুন্সিগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
আজ সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের কাঁচাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি হার্ডওয়্যারের দোকানের ওপরের দিকে আগুনের ধোঁয়া দেখতে পান তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে। প্রথমে বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে।
এরপর মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ছয়টি দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবু ইউসুফ জানান, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ এসেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনিন তিনি।










