সাবেক ব্যাংক কর্মকর্তা চৌধুরী নাফিজ সরাফাতকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার তাকে দুদকে হাজির হয়ে তার বক্তব্য দিতে বলা হয়েছে। ১৬ অক্টোবর দুদক থেকে তার তিনটি বাড়ির ঠিকানায় পাঠানো একটি চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। অনুসন্ধান দলের দলনেতা উপপরিচালক (মানিলন্ডারিং) মাসুদুর রহমান চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য থাকলে তিনি সেটি জানাবেন। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

তার বিরুদ্ধে থাকা অভিযোগটির অনুসন্ধান দলে দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজও রয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, চৌধুরী নাফিজ সরাফাতের ঢাকার গুলশানে একটি ও খিলক্ষেতের দুটি বাড়ির ঠিকানায় চিঠিটি পাঠানো হয়েছে। তার ও অন্যান্যদের বিরুদ্ধে পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান থাকাকালে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিয়ের অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনের পর গত ৭ অক্টোবর নাফিজ সরাফাতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।