কুড়িগ্রামের উলিপুর পৌর মেয়র তারিক আবু আলার বাসা থেকে আলামিন মিয়া (১৯) নামে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের জোদ্দারপাড়াস্থ মেয়রের বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
আলামিন পার্শ্ববর্তী চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র। তিনি গত ৭ মাস ধরে পৌর মেয়র তারিক আবু আলার বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন।
মেয়রের পরিবারের লোকজন জানায়, আলামিন সোমবার সন্ধ্যায় শহরের কাচারী পুকুরে প্রতিমা বিসর্জন দেখার পর বাসায় ফেরেন। এরপর খাওয়া দাওয়া শেষে তিনি নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।
আজ মঙ্গলবার সকালে আলামিন তার রুমের দরজা না খুললে ডাকাডাকি করার পর তার কোন সাড়াশব্দ পায় না বাড়ির লোকজন। এক পর্যায়ে পার্শবর্তী বাড়ির মানুষজনসহ এসে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে উলিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে পৌর মেয়র তারিক আবু আলা বলেন, আমি এবং আমার পরিবার চিকিৎসার কাজে ঢাকায় অবস্থান করছি। বিষয়টি আমি সকালে শুনেছি। তবে সে কেন এমন করল সেটা বুঝতে পারলাম না।
তিনি জানান, কেয়ারটেকার আলামিন মাঝে মাঝে বলতো তার সাথে জ্বীনের আছর আছে। জ্বীন আমার সাথে মারামারী করে এরকম পাগলাটে স্বভাবের ছিল সে। কিন্তু এরকম দুর্ঘটনা ঘটাবে তার জন্য আমি খুবই ব্যথিত।










