ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জ বন্দরে গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ বোটগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর কাছে ডিএনসিসির আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের (ইউআরপি) পক্ষ থেকে প্রকল্প পরিচালক আরিফুর রহমান এসব বোট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অপারেশন) ফরিদ আহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জের জোন কমান্ডার ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোহাম্মদ মোতাহার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ইউআরপি প্রকল্পের অধীনে ফায়ার সার্ভিসকে নানা রকমের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রদান করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ৪টি ওয়াটার রেসকিউ বোট ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াবে।
নতুন বোটগুলো নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।









