পাবনার ঈশ্বরদীতে ১১ লাখ নকল ডার্বি সিগারেট উদ্ধার করেছে র্যাব। শুক্রবার বিকালে উপজেলার বড়ইচড়া তেঁতুলতলা মোড়ে ক্ল্যাসিক টোব্যাকোর একটি টিনশেড থেকে এ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত আজের উদ্দিন সরকারের ছেলে ফারুক হোসেন (৩৪) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মাসুদ রানা (৩৮)। র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঈশ্বরদীর বড়ইচড়া তেঁতুলতলার ওই টোব্যাকো কারখানায় নকল সিগারেট ও ব্যান্ডরোল তৈরি করে বাজারজাত করা হচ্ছে। এ অবস্থায় শুক্রবার বিকালে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটকের পাশাপাশি ১১ লাখ নকল ডার্বি সিগারেট, দুই কার্টন নকল সিগারেটের খালি প্যাকেট ও ৩২ বান্ডিল জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। এ সময় আরো তিনজন পালিয়ে যায় বলে আটককৃতরা জানিয়েছেন। পরে আটককৃতদের বিরুদ্ধে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা কাজী মর্তুজা রেজা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।










