মৌলভীবাজারে ১০ বছরের এক শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা করেছেন। পরে অভিযুক্ত মোয়াজ্জিন আরব আলীকে তার বাড়ি হবিগঞ্জের উমেদ নগর থেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সোমবারও সদর উপজেলার শিশুটি স্থানীয় মসজিদের মক্তবে পড়তে যায়। একপর্যায়ে মোয়াজ্জিন আরব আলী তাকে মসজিদের পাশের একটি ঘরে নিয়ে নির্যাতন করেন। এ সময় মক্তবের অন্য শিশুরা সেখানে উপস্থিত হলে আরব আলী শিশুটিকে ছেড়ে দেন। পাশাপাশি বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে চকোলেট ও বিস্কুটের লোভ দেখান।

তবে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় শিশুটি। পরে তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সুজন আহমদকে বিষয়টি জানান। তিনি সেদিন সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশের ব্যবস্থা করেন। বৈঠকে উপস্থিত আমরু মিয়া, আবদাল মিয়াসহ স্থানীয় মাতব্বররা শাস্তি হিসেবে আরব আলীকে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দেন।

মঙ্গলবার সন্ধ্যার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় শিশুটির বাবা গতকাল মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন।