মুন্সিগঞ্জে একটি আবাসিক ভবনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশু ও দুই নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার একটি আবাসিক ভবনের পাঁচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলমকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া ফাটল ধরা ভবন থেকে নিরাপত্তাজনিত কারণে বাসিন্দাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত তদন্ত শেষে নেয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর রিপন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাবা-মা, স্ত্রী ও এক সন্তানসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন রিজভী আহমেদ রাসেল। বিস্ফোরণে তার মা শাহেদা খাতুন, শিশুপুত্র রাইয়ান ও স্ত্রী রোজিনা বেগম দগ্ধ হয়েছেন। এদের মধ্যে শাহেদা খাতুন মারা গেছেন। ফজরের নামাজ পড়তে বের হওয়ায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন রজব আলী।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মোস্তফা মহসিন জানান, গ্যাস লিকেজ নাকি অন্য কারণে আবাসিক ভবনে বিস্ফোরণের এমন ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিসের একাধিক বিশেষজ্ঞ টিম।

পুলিশ সুপার আসলাম খাঁন জানান, ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম।

পৌর মেয়রের সোহেল রানা রানুর দাবি, নিয়ম মেনেই তৈরি হয়েছে ভবন। ছিল অগ্নিনির্বাপণ ব্যবস্থাও।