ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। জামায়াতসহ এ জোটের শরিক দলগুলো ৭৭টি আসনের ভিত্তিতে সংসদে ১৩টি সংরক্ষিত আসন পাচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া ৮ নারী প্রার্থী হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও প্রার্থী হয়েছেন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী করা হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ তালিকা প্রকাশ করেন।










