কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এ বছরের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত ওয়েবসাইটের (https://acas.edu.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে। আবেদন যোগ্যতা, পদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য একই ওয়েবসাইটে দেয়া আছে। কোন সমস্যা হলে সহায়তার জন্য support@acas.edu.bd ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

গুচ্ছের অধীনে এবার মোট আসন রয়েছে ৩ হাজার ৭০১টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি আসন রয়েছে।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন নির্ধারণ করা হয়েছে।