জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে বক্তব্য প্রদান করেন। গতকাল বুধবার (২৭ মার্চ) বিকালে সুইজারল্যান্ডের জেনেভায় এ সেশন অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেশনে আইপিইউর প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন, আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সমাপনী সেশনের বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গত ২৩ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ সমাবেশে এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। 

তিনি বলেন, এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেয়ার দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত।

স্পিকার বলেন, বৈঠকে এশিয়া প্যাসিফিক গ্রুপের ৩২ সদস্য রাষ্ট্র উপস্থিত ছিল এবং তারা পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে সব এজেন্ডা সমাধানে অংশ নেয়।

এ সময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক, আখতারুজ্জামান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।