নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।  

শুক্রবার (২ আগস্ট) পূর্বঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বিকাল ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে আসেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা এ সময় নানা স্লোগান দিচ্ছিলেন। প্রেসক্লাবের সামনে আসার পর যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ কর্মীদের বাধার মুখে পড়ে মিছিলটি।

এক পর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হয়।

এ বিষয়ে নরসিংদীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না। লাঠিপেটার বিষয়টি তিনি অস্বীকার করেন।