ফেনীর মুহুরীগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। গতকাল বিকাল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পানি দেখা গেছে। এতে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে আটকে রয়েছে শত শত যানবাহন। ৪০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। আবার কাউকে গাড়ি থেকে নেমে সড়কেই শুয়ে পড়তে দেখা গেছে। যানজট নিরসনে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কাজ করলেও সমাধান হয়নি।