ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের খামারের উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। ভেড়াগুলো ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ছিল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেইটের পাশের গবেষণা খামারে এ চুরির ঘটনা ঘটে। চুরির সময় খামারটির নিরাপত্তার দায়িত্বে কেউ ছিলেন না বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের গবেষণার ভেড়া চুরির ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ক্ষতি হয়েছে উল্লেখ করে গবেষক অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি বলেন, উন্নত জাতের দরপার ও গাড়ল জাতের ভেড়াগুলো চর ও হাওর এলাকা থেকে সংগ্রহ করা। বর্তমানে তিনটি প্রজনন প্রকল্প এবং দুটি গবেষণা প্রকল্প চলমান ছিল। প্রতিটি ভেড়ার ওজন ৩০ থেকে ৪০ কেজি। ১৪টি ভেড়া চুরি হওয়ার পর সেখানে এখন মাত্র তিনটি ভেড়া আছে। এর আগে রেল দুর্ঘটনায় ২০টি ভেড়া মারা গিয়েছিল।

তিনি বলেন, ‘অনেক পরিশ্রম করে এই নিউক্লিয়ার স্লট গড়ে তুলেছি; যার জন্য আমি গোল্ড মেডেল অর্জন করেছিলাম। ২০১১ সাল থেকে গবেষণা চলমান থাকায় এসব ভেড়া থেকে সিমেন সংগ্রহ করে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ পেতেন। চুরির পর শুধুমাত্র আমার ব্যক্তিগত গবেষণা নয় বরং বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণারও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘বুধবার বিকাল ৫টার পর দায়িত্বপ্রাপ্ত দুই কর্মী খামার ত্যাগ করায় রাতে খামারটি সম্পূর্ণ ফাঁকা ছিল। সকালে নিরাপত্তাকর্মীরা এসে দেখতে পান দরজার তালা ভাঙা এবং ভেড়াগুলো নেই।’

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানান, চুরির ঘটনার পর ওই স্থান ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।