পাবনা থেকে ঢাকা রুটে ডাকা অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক সমিতি। গতকাল সকাল থেকে এ রুটে বাস চলাচল শুরু হয়েছে। পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটর মালিক-শ্রমিকদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ধর্মঘটে পাবনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পাবনা মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতি ও সংশ্লিষ্ট আরো দুটি সংগঠন এ ধর্মঘটের আহ্বান জানায়।

পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বলেন, ‘পাবনা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার পর আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনকে ডাকা হয়।’

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ‘মোটর মালিকরা বাস বন্ধ করে নিজেরা সমাধানের চেষ্টা করেছেন। না পেরে রাজনৈতিক নেতাদের দিয়ে সমাধানের চেষ্টা করেছেন। এরপর আমি বিষয়টি জানতে পেরে তাদের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহার করিয়েছি।’