বরিশালের গৌরনদীতে বোমা বিস্ফোরণে পুলিশসহ তিনজন আহত হয়েছেন। তাদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার কসবা ইসলামিক মিশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু হাওলাদারের পরিত্যক্ত বাথরুমে বোমা রেখে তালাবদ্ধ করে রাখে দুর্বৃত্তরা। গতকাল সকালে তালা ভেঙে ফেলেন রাজু হাওলাদারের ছেলে মাসুম। পরে তিনি একটি বালতির মধ্যে ১০-১২টি বোমা দেখতে পান। গৌরনদী মডেল থানায় খবর দিলে এসআই কামাল হোসেন ও কনস্টেবল মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। বোমা উদ্ধারের সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










