অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে এ জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। বলেন,পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।'

বুধবার ( ১০ ডিসেম্বর) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা। সম্মেলনে দায়িত্ব পালনকালে বিভিন্ন সাফল্যের বর্ণনা তুলে ধরেন আসিফ মাহমুদ।

পরে নির্বাচন করবেন কি না এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবে বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করবো, সেটা পরবর্তী ডিসকাশন'।

পদত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে।' দুই একদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে তিনি জানান।

'আমি আগেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। যদিও আইনগত বাধ্যবাধকতা নেই। তবে আমি নিজেও সেটা প্র্যাকটিস করবো,' বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, 'আমি তো একটা সিস্টেমের মধ্যে আছি, আমাকে সেটা ফলো করতে হয়'।

পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি হ্যাঁ অথবা না- এরকম সরাসরি কোনো উত্তর দেননি। বলেন, 'এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেয়া হবে'।