কুয়েতপ্রবাসী ভাইকে এগিয়ে দিয়ে ফেরার পথে দুই ট্রলারের সংঘর্ষে জেলে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর খেজুরবাড়ী ও তালাপ্রসাদ গ্রামের মধ্যবর্তী নদীতে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সুজন হালদার (৩২) নামে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. অন্তরা হালদার। এ ঘটনায় ডুবে যাওয়া জেলে ট্রলারটির সন্ধানও পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন লিংকন হালদার (২৭) ও রণজিৎ হালদার (৪৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি বানারীপাড়া উপজেলার মসজিদবাড়ী গ্রামে।

জীবিত উদ্ধার হওয়া জেলে সুজন জানান, তার ভাই শিশির হালদার বানারীপাড়া থেকে ঢাকা হয়ে কুয়েত যাবেন। তাই শুক্রবার রাত ১০টার দিকে নিজেদের ট্রলারে করে শিশিরকে তারা তিনজন মিলে বানারীপাড়া ফেরিঘাটে নামিয়ে দিয়ে আসেন। তারপর ওই স্থানে চা-নাশতা করে ট্রলারে উঠে তিনজন বাড়ি ফিরছিলেন। তাদের ট্রলারটি নদীর খেজুরবাড়ী ও তালাপ্রসাদ গ্রামের মধ্যবর্তী স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের ট্রলার ডুবে দুজন নিখোঁজ হন। বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে ঘটনাস্থলে পুলিশি অভিযান অব্যাহত আছে।