সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মৌলভীবাজার-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ। গতকাল বিকালে তিনি তার ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে না—এমন আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। মুঠোফোনে আহমেদ রিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই। ভোটের পরিবেশ এতদিন ভালো ছিল। আওয়ামী লীগ প্রার্থী মো. শাহাব উদ্দিন বক্তব্য দিয়েছেন, আপনারা ভোট কেন্দ্রে এসে যাকে ইচ্ছা ভোট দিন। উপজেলা চেয়ারম্যানও একই বক্তব্য দিয়েছেন। শুক্রবার শাহাব উদ্দিন প্রতি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ডেকে বলেছেন যার যার সেন্টারে পাস করিয়ে দিতে হবে। এ তথ্যও আমার কাছেও আছে। হঠাৎ করে তারা পরিকল্পনা বদলেছে। ভোটের দিন দুপুরে কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো।’










