জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সেলিম মিয়া (৩৪), একই
উপজেলার ডুগডুগি গ্রামের নিহত রহিম বাদশার স্ত্রী আকলিমা খাতুন (২৭) ও গোপালপুর গ্রামের মৃত গোলাপ রহমানের ছেলে আইনুল (৩৭)। রায় ঘোষণার সময় সেলিম মিয়া ও আইনুল আদালতে উপস্থিত থাকলেও নিহতের স্ত্রী আসামি আকলিমা পলাতক রয়েছেন।
এ মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, নিহত মাইক্রোচালক রহিম বাদশার সহকারী হিসেবে কাজ করতেন সেলিম মিয়া। সেই সূত্রে রহিম বাদশার বাড়িতে যাতায়াতের একপর্যায়ের তার স্ত্রী আকলিমার সঙ্গে সেলিম মিয়ার পরকীয়া গড়ে ওঠে। তাদের সম্পর্ক স্থায়ী করতে আকলিমা ও সেলিম মিয়া রহিম বাদশাকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৬ সালের ১০ জুলাই রাতে সেলিম মিয়া ও তার বন্ধু আইনুলকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসের মধ্যে গলা কেটে হত্যা করে পাঁচবিবি উপজেলার বারোকান্দি এলাকায় ফেলে রেখে পালিয়ে যান।
পরদিন ১১ জুলাই নিহতের বাবা শাহাদৎ হোসেন বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।










