স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে ২১ দিনের মতো চলমান আন্দোলন কর্মসূচিকে ঘিরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল বেলা ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করতে বিক্ষোভ মিছিল নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ মেইন গেট বন্ধ করে দেয়। এরপর আন্দোলনকারীরা হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা অভ্যন্তরে অবস্থান নেন এবং সেখান থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত শনিবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দীন রনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি আন্দোলনের ১৮তম দিনে ছাত্র-জনতার ওপর হাসপাতালের কর্মচারীদের হামলার প্রতিবাদ ও বিচার দাবি করে কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আন্দোলনরত ছাত্র-জনতা একত্রিত হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন।

গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন। তারা দালাল ও সিন্ডিকেটবিরোধী স্লোগান দিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের হামলার পর উল্টো মামলা দায়েরের প্রতিবাদে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।