সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হচ্ছে। আগামীকাল রোববার (৭ জুলাই) শুরু হয়ে ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। রথযাত্রার সময় সড়কে চলাচলের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে শনিবার এমন ডাইভারশন সড়কের তালিকা দেয়া হয়েছে।

ডিএমপি জানায়, রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রধান রথযাত্রা রোববার দুপুর ৩টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ১৫ জুলাই দুপুর তিনটায় ঢাকেশ্বরী মন্দির হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে।

প্রধান রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে:

স্বামীবাগ রোডস্থ স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) থেকে→জয়কালী মন্দির মোড়→ইত্তেফাক মোড়→শাপলা চত্ত্বর→দৈনিক বাংলা মোড়→রাজউক ক্রসিং→গুলিস্তান→গোলাপশাহ মাজার→পুলিশ হেডকোয়ার্টার্স→সরকারি কর্মচারী হাসপাতাল→হাইকোর্ট মাজার→দোয়েল চত্ত্বর→কেন্দ্রীয় শহীদ মিনার→জগন্নাথ হল→পলাশী→ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে এ সময়ে উপরোক্ত রোডে চলাচলকৃত যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।