দেশের নয়টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ৩ জানুয়ারি বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর। শেষ হবে ১৫ ডিসেম্বর।

গতকাল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে গাকৃবি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হেলাল উদ্দীন।

সভায় সভাপতিত্ব করেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন ও ভর্তি পরীক্ষাবিষয়ক সব নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সভা শেষে সার্বিক বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেশের কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়গুলোয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের এ উদ্যোগ সফলভাবে এগিয়ে যাবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবার আয়োজনকারী প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে, যা আমাদের জন্য যেমন সম্মানের বিষয়, তেমনি মহান দায়িত্বও বটে।’

এবারের কৃষিগুচ্ছে থাকা নয়টি বিশ্ববিদ্যালয় হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।