গণমাধ্যমের স্বাধীনতা মনিটর করতে এমএফসির কূটনৈতিক নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) এর সদস্যভুক্ত দেশগুলো। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বৈঠক করেন নয়টি দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা। বৈঠকে ঢাকায় এমএফসির কূটনৈতিক নেটওয়ার্ক চালুর উদ্যোগ নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ডের সিনিয়র কূটনীতিকরা এতে অংশ নিয়েছেন। মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ঢাকায় এমএফসির কূটনৈতিক নেটওয়ার্ক চালুর উদ্যোগ নেয়ার জন্য উপস্থিত সব কূটনীতিককে ধন্যবাদ জানিয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লাফেভ বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করার জন্য মিডিয়া, সুশীল সমাজ, সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ।
বৈঠকে সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন বলেও দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, উপস্থিত সদস্যরা বর্তমান মিডিয়া ল্যান্ডস্কেপ এবং অনলাইন নিউজ পোর্টালের সেন্সরিং, সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর সাম্প্রতিক ঘটনাসহ বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি একটি ক্রস-আঞ্চলিক অংশীদারিত্ব, যা অনলাইন এবং অফলাইনে মিডিয়ার স্বাধীনতার সমর্থনে একসঙ্গে কাজ করে। সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের নিরাপত্তাকে সমর্থন করে। যারা সাংবাদিকদের ক্ষতি করে তথা মিডিয়ার কাজকে কঠোরভাবে সঙ্কুচিত করার অপচেষ্টা চালায় তাদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে।











