ফরিদপুর সদর উপজেলার পালডাঙ্গীতে পদ্মা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করে জিও ব্যাগ ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। গত দুদিনের আধা কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে ফসলি জমি ও সড়ক। ভাঙনের কবল থেকে রক্ষায় ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপারের বাসিন্দারা।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রুনা বেগম, দুদু মোল্লা, ইউসুফ মাতুব্বর ও ইসাহক মোল্লাসহ কয়েকজন জানান, কয়েকদিন আগেও ওই এলাকায় বালির বস্তা ফেলা হয়েছিল। অপরিকল্পিত এবং প্রয়োজনীয়সংখ্যক বালির বস্তা ফেলতে না পারায় ভাঙনের শিকার হচ্ছেন তারা। ভাঙনের কবল থেকে রক্ষায় বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ওই এলাকায় ২ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৭৭০ টাকা ব্যয়ে পদ্মাপারে ১৫১ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। ২৪ জুন প্রকল্পের কাজ শেষ হয়েছে।

পাউবোর ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, পালডাঙ্গীর অবস্থান নদীর মূল স্রোতের কাছে। এজন্য অস্থায়ী কাজ করে ভাঙন ঠেকানো সম্ভব নয়। শুকনো মৌসুমে অন্তত ১ কিলোমিটার স্থায়ীভাবে তীর সংরক্ষণের ব্যবস্থা নেয়া গেলে, ভাঙন পুরোপুরি থামানো সম্ভব হতে পারে।