চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিলভাতিয়া
বুড়িডোবা মাঠে পূর্বশত্রুতার জেরে সাড়ে চার বিঘা জমির বোরো ধান আগাছানাশক দিয়ে পুড়িয়ে
দেয়ার ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
ওই ঘটনায় গতকাল শনিবার (১৫ এপ্রিল) ভোলাহাট
থানায় অভিযোগ করেন কৃষক মো. আব্দুল আওয়াল। ওই দিন রাতেই গ্রেফতার হন অন্যতম অভিযুক্ত
মো. আব্দুস সামাদ।
উপজেলার নামোমুশরীভূজা গ্রামের কৃষক আব্দুল
আওয়াল জানান, বিলভাতিয়া মৌজায় সাড়ে চার বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। এরই মধ্যে ধানের
শীষ এসে গেছে। কিন্তু পূর্ব শত্রুতার জেরে গত ১১ এপ্রিল বিকেলে একই উপজেলার ইমামনগর
গ্রামের মো. আলাউদ্দিন (৫০), মো. আব্দুস সামাদ (৪০), মো. আজাদ আলী (৪২), মো. ফারুক
হোসেন (৩৮), মো. হূমায়ুন কবির বকুল (৩৫), মো. আজিজুল হক (৩০), মো. শামসুল হক (২৯),
মো. আব্দুল করিম (২৬)-সহ কয়েকজন বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে দিলে ধান নষ্ট হয়ে যায়।
এসব জমিতে বিঘা প্রতি প্রায় ২৫ মণ করে
মোট ১১২ মণ ধান উৎপাদিত হয়। যার বর্তমান বাজার মূল্য এক লাখ ৫৬ হাজার টাকা। ধান ও খড়সহ
প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
আব্দুল আওয়াল বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার
জন্য ভোলাহাট থানায় লিখিত অভিযোগ করেছি। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান
আলী সরেজমিন পরিদর্শন করেছেন।
গ্রেফতারের আগে অভিযুক্ত মো. আব্দুস সামাদের
সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধান পুড়ে যাওয়ার ব্যাপারে আমরা কিছু জানি না। মানুষের
মুখে ধান পুড়ে যাওয়ার কথা শুনেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী জানান,
ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. সেলিম রেজা জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আব্দুস সামাদকে গ্রেফতার করে আদালতের
মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।










