ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে।উপজেলার লইস্কা বিলে আজ  শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ অনেকেই। ফলে এ ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর জানিয়েছেন, সন্ধ্যায় খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  

ট্রলারটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেটি বেশ বড় আকারের এবং যাত্রীবোঝাই ছিল। দুর্ঘটনার পর কতজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইস্কা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।