নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরের দিকে ওই গ্রামের বেপারি বাড়িতে ইকবালের ঘরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

মৃতরা হলো বেপারি বাড়ির ইকবাল হোসেনের ছেলে আবদুল্যাহ আল নোমান (৭) ও মেয়ে লামিয়া সুলতানা মাহী (৩)। তারা দুজনই দুপুরে বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বৃষ্টি থাকায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে বসতঘরসংলগ্ন চুলায় ভাত রান্না বসিয়ে গোসলে যান নোমান ও মাহীর মা গোলাপি বেগম। কিছুক্ষণ পর পুকুর ঘাট থেকে তিনি পেছনে তাকালে ঘরে আগুনের শিখা দেখতে পান। এ সময় তার চিত্কারে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে পুরো ঘর ও ঘরে থাকা দুই শিশু নোমান ও মাহী পুড়ে ছাই হয়ে যায়।