টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া মাদারীপুর, রাজবাড়ী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ ও ময়মনসিংহে আরো আটজন নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

টাঙ্গাইল: মির্জাপুরে মাটিভর্তি ডাম্প ট্রাকের ধাক্কায় বিদ্যুচ্চালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। আহতদের মধ্যে একই পরিবারের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নিহতরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের শফিউদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৩৫)। তিনি অটোরিকশাচালক ছিলেন। অন্যজন গোড়াই ইউনিয়নের দেওহাটা বাকালীপাড়ার রতন বাকালীর ছেলে সুশান্ত বাকালী (৩৩)। সুশান্ত বাকালী গোড়াই কমফিট কম্পোজিট নিট লিমিটেড কারখানায় প্রিন্টিং শাখায় কাজ করতেন।

অন্যদিকে কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মো. সেলিম হোসেন নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিম হোসেন গোপালপুর উপজেলা সদরের জব্বার খলিফার ছেলে।

মাদারীপুর: জেলার রাজৈরে মোটরসাইকেলের ধাক্কায় নুসরাত আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট পল্লী বিদ্যুৎ অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত একই উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামের বিগুল শেখের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। সকালে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়ি যাচ্ছিল সে।

রাজবাড়ী: দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কাছে মাটিবাহী একটি ট্রাকচাপায় আফিয়া (১০) নামে একটি শিশু নিহত হয়েছে। আফিয়া দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বারপাড়ার আজ্জাল বেপারীর মেয়ে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে জেলার কালুখালীতে ট্রাকচাপায় হযরত আলী মণ্ডল (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি পাংশা উপজেলার কাজিয়াল গ্রামের হোসেন আলী মণ্ডলের ছেলে। এ ঘটনায় বাপ্পী (১৮) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। গতকাল ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের আমবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। পাংশা থেকে পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে রাজবাড়ী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভিজিৎ দাস (৩১) ফটিকছড়ি উপজেলার রৌশাংগিরি গ্রাম ও শাহেদুল ইসলাম (৩০) বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শান্তনু বিশ্বাস (৩০) নামে একজন আহত হয়েছেন। তার বাড়ি রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামে। তারা তিনজন কদমরসুলে একটি স্টিল মিলে চাকরি করতেন এবং চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণগঞ্জ: ফতুল্লায় ট্রাকচাপায় মনির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে ফতুল্লার দাপা শৈলকুড়ার পুরনো সড়কে এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেন ধর্মগঞ্জ নবীনগরের লবী কোটারীর ছেলে।

হবিগঞ্জ: বাহুবল উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই আরোহী। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বাহুবল সদর ইউনিয়নের হরিতলা গ্রামের আজাদ মিয়ার ছেলে।

ময়মনসিংহ: ত্রিশালে ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন ইভা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল উদ্দিন উপজেলার কাঁঠাল ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের ফকির বাড়ির শমশের আলীর ছেলে।