বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘৩১ দফার মধ্যেই দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একই অঙ্গীকার দলের নির্বাচনী ইশতাহারেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করতে আলাদা একটি সংস্কার কমিশন গঠন করা হবে। সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএনপি। এরই মধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে। ওই কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।’

গতকাল দুপুরে কক্সবাজারের চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে ‘সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল’ আয়োজিত ‘‌মিট দ্য প্রেস উইথ সালাহউদ্দিন’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। বিশ্ব এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। মুহূর্তের মধ্যেই তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে দেশের সম্মান ও ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে সমুন্নত থাকে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই দেশে ইলেক্ট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে এবং গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি হয়। কিন্তু ১৬-১৭ বছরে গণমাধ্যম দলীয়করণের শিকার হওয়ায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বারবার হোঁচট খেয়েছে।’

গণমাধ্যমের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘গণমাধ্যমের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্রকে সুরক্ষা দেয়া।’

সাংবাদিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি সাংবাদিকরা যেন মালিকের চাকরি না করেন, বিবেকের চাকরি করেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয়াই সাংবাদিকতার মূল আদর্শ।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।