কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় মনির হোসেন (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
আজ বুধবার (২০ আগস্ট) ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার মোহাম্মদপুর গ্রামের ফয়েজ আলী বাড়ির মজিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মনির হোসেন ভোরে তার প্রতিবেশী এক রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে অটোরিকশায় ফিরছিলেন। ছগুরা এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশের জমিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় চালক মনির হোসেন (৩৫) ও রোগীর স্বজন কাউছার আহমেদ (২৫) গুরুতর আহত হন।
এ সময় তাদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর মনির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










