বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই বলে, রংপুর গরীব অঞ্চল। আমি মনে করি, এ অঞ্চল সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল, শুধু দরকার সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব। আজ শুক্রবার রাতে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এ রংপুরের মাটি আবু সাঈদের পবিত্র রক্তে মেশানো মাটি। এ অঞ্চল মূলত কৃষি প্রধান অঞ্চল। এখানকার মানুষ কৃষিনির্ভর। আমরা দেখেছি কীভাবে গত ১৬ বছর এ এলাকার কৃষকরা নির্যাতনের শিকার হয়েছেন।

চব্বিশের জুলাইয়ে তারা যে ত্যাগ করেছেন, তা বৃথা যেতে পারে না। আমাদের যেকোনো মূল্যে সে ত্যাগকে মূল্যায়ন করতে হবে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন, দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণ করতে হবে

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, শহীদ জিয়া শাসনভার গ্রহনের আগে এ অঞ্চলে বোরো ধান চাষ হতো না। তরুণরা জানবে না, কিন্তু মুরুব্বিরা জানেন। তার হাত ধরেই এ অঞ্চলে এ ধানের চাষ শুরু হয়েছিল।