নেত্রকোনার মোহনগঞ্জের আলোচিত রাজীব হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে তারা।
পিবিআইয়ের নেত্রকোনা ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন এ মামলার তদন্ত করেন। তিনি জানান, আসামি দেলোয়ার ওরফে দিলুকে ঢাকার কামরাঙ্গীচর, এবং যতন মিয়াকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামি সিরাজুলকে গ্রেপ্তার করা হয় নেত্রকোনার তারাকান্দা থানা থেকে।
প্রসঙ্গত, ২০২১ সালের ৭ মে নেত্রকোনার মোহনগঞ্জে একটি পুকুর থেকে মোটরসাইকেল চালক রেজাউল করিম রাজীবের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুইদিন পর রাজীবের বাবা সন্দেহভাজন ১২ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শুরুতে এ মামলার তদন্ত করে মোহনগঞ্জ থানা পুলিশ। পরে পিবিআই হেডেকোয়ার্টার্সের নির্দেশে নেত্রকোনা জেলা পিবিআই মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, মাদক ব্যবসায় সহযোগিতা না করায় রাজীবকে হত্যার কথা স্বীকার করেছে আসামিরা। এরই মধ্যে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।










