বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদতবার্ষিকী আজ।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তান বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
এদিন পাকিস্তান বাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলে হাতে এলএমজি ও আহত নান্নুকে কাঁধে নিয়ে শত্রুপক্ষের দিকে গুলি ছুড়তে থাকেন নূর মোহাম্মদ।
হঠাৎ পাকিস্তান বাহিনীর মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙে যায়।
তবু গুলি চালাতে থাকেন তিনি।
একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন নূর মোহাম্মদ শেখ।
যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’
খেতাবে ভূষিত হন তিনি।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।
২০০৮ সালের ১৮ মার্চ গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’
করা হয়।
নূর মোহাম্মদ নগরে দিনটিকে ঘিরে নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।










