বগুড়ায় বাসের ধাক্কায় ভটভটিতে থাকা দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজধানীর গাবতলী, নাটোর, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে আরো চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: ভটভটি করে বগুড়ার একটি গরুর হাটে যাচ্ছিলেন ব্যবসায়ী আবুল কাশেম (৬৫) ও জাহিদুল ইসলাম (৫৬)। গতকাল দুপুর ১২টার দিকে চণ্ডিহারার অমরাপুরি নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম ও জাহিদুল ইসলাম।

নিহতরা হলেন আবুল কাশেম উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে এবং জাহিদুল ইসলাম একই এলাকার মৃত ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

ঢাকা: গাবতলীতে পিকআপের ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হন। গতকাল ভোর পৌনে ৬টার দিকে গাবতলী-দ্বীপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তর সিটির প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে সকাল সাড়ে ৮টার পর সিটি করপোরেশনের কর্মকর্তাদের আশ্বাসে কর্মীরা অবরোধ তুলে নেন।

নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম আমেনা বেগম (৪৫)। তার বাড়ি রাজধানীর দক্ষিণ বাড্ডায়। কাজের সূত্রে সিটি করপোরেশন নতুন মহল্লার একটি বাসায় বসবাস করতেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার মফিজুর রহমান জানান, আমেনা বেগম দায়িত্ব পালন করতে গাবতলী-দ্বীপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে ওপরে উঠছিলেন। এ সময় মাটিভর্তি একটি পিকআপ আমেনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নাটোর: বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের ধাক্কা লেগে জাহিদ আলী নামে এক হেলপার নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার আগ্রাণ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, সকালে আগ্রান এলাকায় বনপাড়ামুখী একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় রাজশাহীগামী খেজুরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এ সময় পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই হেলপার জাহিদ আলী মারা যান।

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় ট্রাকচাপায় কাউসার হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্নার আব্দুর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ: তাড়াশে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার খালকুলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা থানার দিয়ারকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পিকআপচালক ছিলেন।