জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল বিএনপি জামায়াত সরকার, তারা আজ বড় গলায় কথা বলে। ২০০১-০৬ কী চিত্র ছিল আর এখন দেশ কোন পর্যায়ে আছে। গতকাল দুপুরে ৬৪৩ কোটি টাকা ব্যয়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণসহ সংস্কারকাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে সার-তেলের জন্য জীবন দিতে হয় না, লাইনেও দাঁড়াতে হয় না। পাবনায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে পারমাণবিক প্রকল্পে উৎপাদনের কাজ আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে। সেখান থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। তখন দেশে আর কোনো বিদ্যুতের ঘাটতি থাকবে না।

মেহেরপুর কলেজ মোড়ে আঞ্চলিক সড়কের সংস্কারকাজ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তাফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক প্রমুখ।