ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশাল অঞ্চল মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত হয়েছে। শিল্পোন্নয়নের পাশাপাশি বরিশালের কৃষি ব্যবস্থাপনা যন্ত্রনির্ভর হয়েছে। স্বাধীন বাংলাদেশের অর্থনীতিতে গত ৫০ বছরে এ এক বিস্ময়কর রূপান্তর। ৫২ বছর আগে বাংলাদেশের অর্থনীতির আকার মাত্র ৮ বিলিয়ন ডলার ছিল। আমরা স্বপ্ন দেখছি আর ১৫ বছর পর বাংলাদেশ হবে ১ হাজার বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। শূন্য হাতে দেশের হাল ধরেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সেখানে ৫২ বছর পর আজ এগিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি।’
গতকাল বরিশালের এক হোটেলে কৃতী শিক্ষার্থী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ড. আতিউর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর চেয়ে শিক্ষকদের দক্ষ হওয়া বেশি জরুরি। আর শিক্ষা পদ্ধতির ওপর গুরুত্ব্ব দিতে হবে। বঙ্গবন্ধু শিক্ষার অগ্রগতির জন্য বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি অর্থনীতি পরিবর্তনের জন্য শিক্ষার ওপর গুরুত্ব দেন। শিক্ষা অর্থনীতিকে পরিবর্তন করে দেয়। ১৯৭২ সালে বাংলাদেশের অর্থনীতির আকার ছিল ৮ বিলিয়ন ডলার। আর এখন হাফ ট্রিলিয়ন ডলার। ২০৪১ সালের মধ্যে অর্থনীতির আকার হবে ১ ট্রিলিয়ন ডলার। এছাড়া আমাদের সংকটে কৃষিই ভরসা। কৃষি আনুষ্ঠানিকভাবে ৪০ শতাংশ কর্মসংস্থানের সুযোগ করে দেয়। কৃষি আমাদের রক্ষাকবচ।’










