আদা চাষ করতে হলে সাধারণ শুষ্ক উর্বর মাটি প্রয়োজন। গাজীপুরের শ্রীপুরে একসময় প্রচুর আদা চাষ হতো। বিভিন্ন কারণে এখন সেটা কমে গেছে। এবার পতিত জমিতে বস্তায় আদা চাষ শুরু করেছেন কৃষক ইব্রাহীম হাজী। প্রায় ১ হাজার ৮০০ বস্তায় বাড়ির আশপাশে আদা রোপণ করেছেন। অল্প কিছুদিন পর এখান থেকে ফলন পাবেন বলে আশা করছেন এ কৃষক।

ইব্রাহিম হাজীর বাড়ি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে। নগরায়ণ ও শিল্পায়নের ছোঁয়ায় একসময়ের কৃষিপ্রধান এলাকাটির বেশির ভাগ অঞ্চলেই গড়ে উঠেছে শিল্পপ্রতিষ্ঠান। যারা একসময় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন, তারাও এখন তাদের জমিতে পাকা ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছেন কারখানার শ্রমিকদের কাছে। তবে গ্রামের কিছু কৃষক তাদের আদি পেশা এখনো ধরে রাখার চেষ্টা করছেন। ইব্রাহিম হাজী তাদেরই একজন।

ইব্রাহিম হাজী বলেন, ‘বস্তায় আদা চাষ একটি নতুন পদ্ধতি। অনেকের কাছেই শুনেছিলাম এ পদ্ধতিতে আদা চাষ করলে ফলন ভালো হয়। তাই এবারই প্রথম চেষ্টা করেছি। বেশ ভালো ফলন হয়েছে।’

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানান, এ উপজেলায় এবার অনেকেই বস্তায় আদা চাষ করছেন। কৃষকদের নতুন এ পদ্ধতিতে আদা চাষ করতে উদ্বুদ্ধ করছেন তারা। বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। বাড়ির আশপাশের ছায়াযুক্ত জায়গা, বাগান, পতিত স্থানে সহজেই এ পদ্ধতিতে আদা চাষ করা যায়। ইব্রাহিম হাজী ছাড়াও আরো কয়েকজন কৃষক এবার প্রায় ১০ হাজার বস্তায় আদা চাষ করছেন। উপজেলার আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২৫টি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দেয়া আছে, কৃষককে উদ্বুদ্ধ করার জন্য।