দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে আগামী ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে ২৩তম টেক্সটেক বাংলাদেশ ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো। এই প্রদর্শনীটি আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল)।
টেক্সটাইল সিরিজের অংশ হিসেবে একই সময় অনুষ্ঠিত হবে ২২তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো-২০২৪ সামার এডিশন এবং ৪৩তম ডাই অ্যান্ড ক্যাম বাংলাদেশ ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো।
সোমবার (২১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীগুলোর বিস্তারিত তুলে ধরেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট এবং গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান মাহমুদ রীয়াদ হাসান।
মেহেরুন এন ইসলাম বলেন, এই প্রদর্শনীগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া সর্ববৃহৎ বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) প্ল্যাটফর্ম। এখানে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের ক্রেতা এবং সরবরাহকারীরা সরাসরি যোগাযোগ করে ব্যবসার প্রসার ঘটাতে পারবেন। তিনি আরো বলেন, প্রদর্শনীতে দেশি-বিদেশি ক্রেতা ও বিক্রেতাদের জন্য এটি হবে একটি বড় মেলবন্ধন, যা ব্যবসার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
মেহেরুন এন ইসলাম জানান, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের ঐতিহ্য সমুন্নত রাখতে এবং দেশের অর্থনীতির সমৃদ্ধিতে প্রদর্শনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বাংলাদেশকে একটি শক্তিশালী বিজনেস হাব হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিদেশি ক্রেতা-বিক্রেতাদের বাংলাদেশ ভ্রমণের মাধ্যমে দেশের পর্যটন শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রদর্শনীতে ২ হাজার ২৪৫টির বেশি বুথে ৩৭টি দেশের ১ হাজার ৪৭৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।









