চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে যাত্রীবাহী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রিক্সাভ্যানে থাকা দুইজন নিহত হয়েছেন। তারা নয়মাইল বাজার থেকে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৪ টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- রিক্সাভ্যানচালক একই উপজেলার কুতুবপুর গ্রামের মরহুম মকছেদের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫) ও মাহম্মদ জমা গ্রামের খন্দকার পাড়ার মরহুম ইসমাইল হোসেনের ছেলে চাল ব্যবসায়ী গোলাম সরোয়ার (৭০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে চুয়াডাঙ্গার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মসজিদের নামাজীদের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে পারেন। নামাজীরা মসজিদ থেকে বিকট শব্দ শুনতে পান। পরে নামাজ শেষে এসে দেখেন দুজন রিক্সাভ্যান আরোহীকে পিষ্ট করে চলে গেছে একটি পরিবহন। অন্ধকারে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
এসআই শহিদুল ইসলাম আরো জানান, পরিবহেনের নামটি জানার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল পৌনে ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










