ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীসহ চলন্ত অবস্থায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে আশুগঞ্জের তালশহর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনের কাছে পৌঁছলে চলন্ত অবস্থায় বাফার খুলে গিয়ে পেছনের তিনটি বগি আলাদা হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক করেন। ইঞ্জিনসহ বাকি বগিগুলো প্রায় আধা কিলোমিটার দূরে স্টেশন এলাকায় গিয়ে থেমে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, তালশহর এলাকায় ট্রেনটির পেছনের তিনটি বগির কাপলিং হুক ভেঙে বগি আলাদা হয়ে যায়। ঘটনাস্থলে একাধিক লাইন রয়েছে। তবে আপ-ডাউন দুইদিকেই ট্রেনচলাচল স্বাভাবিক রয়েছে।