রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য রয়েছে ১৭টি আবাসিক হল। নতুন আরো একটি হল নির্মাণ করা হচ্ছে। প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ তলা আবাসিক হলটির কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরেই উন্মুক্ত করা দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এসএম ওবায়দুল ইসলাম। নতুন এ হলে আবাসিক সুবিধা পাবেন ১১ শতাধিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হলটির নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। বেশ কয়েকবার মেয়াদ বাড়ানোর পর ২০২৫ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। বিগত প্রশাসন হলটির নামকরণ করেছিল শহীদ এএইচএম কামরুজ্জামান হল। তবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা হলটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন সাকিব-রায়হান হল। অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো হলটির চূড়ান্ত নাম নির্ধারণ করা হয়নি। ২৪ হাজার বর্গমিটার জায়গা নিয়ে নির্মিত হচ্ছে উন্নতমানের এ হল। ১০ তলাবিশিষ্ট ভবনের মধ্যে থাকবে ছয়টি ব্লক।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এসএম ওবায়দুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘জুলাই বিপ্লবের পর বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য ছিল উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা। এর মধ্যে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করা ছিল অন্যতম। তারই অংশ হিসেবে প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ হলের কাজ প্রায় শেষের দিকে। ডিসেম্বরের মধ্যে হলটি শিক্ষার্থীদের ব্যবহারে উপযোগী হবে বলে আমরা আশাবাদী।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘৫ আগস্টের পর হলটির কাজ স্থবির হয়ে পড়ে। বর্তমান প্রশাসন টিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে আবারো কাজ শুরু করে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যে হলটি শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী হবে।’