রাজধানী ঢাকার সিদ্দিকবাজারের বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কোনো নাশকতার তথ্য পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘‌বাণিজ্যিক ভবনগুলোয় জমে থাকা গ্যাসের কারণে ঘটেছে এমন বিস্ফোরণ। ঘটনাস্থলগুলোয় পাওয়া যায়নি কোনো ধরনের বিস্ফোরক দ্রব্যের আলামত। তবে কীভাবে গ্যাস জমেছিল, এ ব্যাপারে জোরালো তদন্ত করছে গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিভিন্ন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।’

গতকাল বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনগুলো। তবে কেউ কোথাও কোনো বিশৃঙ্খলার চেষ্টা চালালে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীকে।’

বক্তব্য শেষে সংগঠনের ৭৫ বর্ষপূর্তির স্মৃতি স্মারক বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সংগঠনের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেন সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়াসহ সংগঠনের সদস্যরা।

এ সময় ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহাসহ বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার কৃতী সন্তানদের।

অনুষ্ঠানে সংগঠনের দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যসহ মেয়র ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সংগঠনটির প্রায় তিন হাজারেরও বেশি সদস্য।